ছাত্রাবাস থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

নীলফামারী শহরের একটি ছাত্রাবাস থেকে মোকাররম হোসেন নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে শহরের কলেজ স্টেশন সড়কে অবস্থিত শিশির ছাত্রাবাসের একটি কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

সে নীলফামারী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষেও ছাত্র। তার বাড়ি ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামের মোমিনুল ইসলামের ছেলে।

ছাত্রাবাসের মালিক আফতাব উদ্দিন বলেন, মোকাররম হোসেন ২০১৮ সালের ১ সেপ্টেম্বর এই ছাত্রাবাসে ওঠেন। শুক্রবার জুমার নামাজ পড়ার পড় সে দুপুরের খাবার নিয়ে তার কক্ষে যায়। এর পর সন্ধ্যায় তাকে খাওয়ার জন্য ডাকা হলে তার কোনো সারা শব্দ পাওয়া যায়নি। পরে ছাত্রাবাসের অন্য ছাত্ররা জানালার ফাঁক দিয়ে দেখতে পায় সে খাটে ঘুমাচ্ছে। রাত ১০টার দিকে বিষয়টি আমাকে জানানো হলে আমি পুলিশে খবর দিই। পরে পুলিশ দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা করে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।