ট্যুইটারে হাসির হুল্লোড় ছুটেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সহকারী নঈম উল হককে নিয়ে।
পাক প্রধানমন্ত্রীর সহকারী ট্যুইটারে একটি ছবি শেয়ার করে নিচে ক্যাপশান দেন ‘পিএম ইমরান খান ১৯৬৯’। এই পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু ওই যাকে বলে গোড়ায় গলদ। ইমরান খানের ছবি বলে তিনি যে ছবি পোস্ট করে বসলেন তা হল ভারতীয় ক্রিকেটের আইকন শচীন টেন্ডুলকারের ছবি।
নঈম উল হকের এই পোস্টটি অত্যন্ত দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপরই ব্লগিং সাইট জুড়ে দিনভর পাক প্রধানমন্ত্রীর সহকারীর ভুলকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করেন নেটিজেনরা, কেউ কেউ আবার গুপ্তধনের ছবি দিয়েও কটাক্ষ করেন তাকে।
দিনভর পাক প্রধানমন্ত্রীর সহকারীর ওই ভুল ছবি দেওয়া পোস্টটি ৭০০ বার রিট্যুইট করা হয়েছে এবং ৭ হাজারের কাছাকাছি মানুষ সেটি লাইক করেছেন।
ইমরান খান একসময় যিনি পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন, যার নেতৃত্বে ১৯৯২ সালে বিশ্বকাপ জেতে পাকিস্তান, সেই তাকে ঘিরেই দিনভর সরগরম থাকে ট্যুইটার।
ইমরান খানও পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বেশ কয়েকবারই বেশ কিছু হঠকারী পোস্ট করার জন্যে সমালোচিত হয়েছেন।
কিছুদিন আগেই ট্যুইটারে একটি উদ্ধৃতি পোস্ট করে তা লেবাননের কবি কাহলিল জিবরানের লেখা বলে দাবি করেন, যা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই ঘটনা নিয়েও ট্যুইটার জুড়ে কটাক্ষ হয়।