সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল বলেছেন, কপিরাইট আইন ও কার্যালয়কে এমনভাবে সাজানো হচ্ছে, যাতে কেউ অভিযোগ করলেই তার পাশে দাঁড়াতে পারে। গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন আয়োজিত ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইট আইনের ভূমিকা : সমস্যা, সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা জানান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন কপিরাইট অফিস মেধাস্বত্ব নিয়ে কাজ করে থাকে। বর্তমানে আগারগাঁওয়ে অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সচিব বলেন, ‘বর্তমান বিশ্বে মেধা সম্পদের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের দেশের অনেক গুণী শিল্পীকে জীবনের শেষ মুহূর্ত এসে বিনা চিকিৎসায়, পথে বসে, বিভিন্নভাবে অবতীর্ণ হয়ে মৃত্যুবরণ করতে হয়। যদিও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃষ্টিতে এলে যেকোনো শিল্পীর দুরবস্থায় তিনি তার সহায়তার হাত বাড়িয়ে দেন। কিন্তু তার দৃষ্টি যখন পড়বে না তখন শিল্পীর সুরক্ষা কে দেবে? সে জন্য দরকার শিল্পী সুরক্ষার জন্য মেধাস্বত্ব আইনের যথাযোগ্য প্রয়োগ।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম, দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদুল আলম সাচ্চু, কপিরাইট বিশেষজ্ঞ নূরুল হুদা, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আশফাক আহমেদ, নাট্যকার মাসুম রেজা ও ‘শিরোনামহীন’ ব্যান্ডের জিয়াউর রহমান বক্তব্য দেন।