সিলেটে জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

সিলেটে লেখক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি এনামুল হাসানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে ৩০০ ইয়াবাসহ গোয়েন্দা পুলিশ এনামুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি হলো সিলেট সদর উপজেলার টুকেরবাজার শেখপাড়ার আতিকুর রহমানের ছেলে এনামুল হাসান, সিলেট কোতোয়ালি থানার সরষপুরের মৃত আলী হোসেনের ছেলে আনোয়ার আলী ও জালালাবাদ থানার খুররমখোলার মৃত শেখ শফিকুল ইসলামের ছেলে শেখ সুমন আহমদ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে এনামুল হাসান অধ্যাপক জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি। সে কিছুদিন আগে জামিনে বের হয়েছিল।

প্রসঙ্গত, গত বছরের ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান মঞ্চে অধ্যাপক জাফর ইকবালের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল ফয়জুল হাসান নামের এক যুবক। ফয়জুল ওই মামলার ১ নম্বর আসামি হিসেবে বর্তমানে কারাগারে।