ফায়ার সার্ভিসের জনবল হবে ২৫ হাজার : ডিজি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জনবল ২৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। গতকাল গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, বর্তমানে আমাদের মোট জনবল ১১ হাজার ৮৯০ জন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের এই জনবল সংখ্যা ২৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।

মহাপরিচালক জানান, বিশ্বমানের আধুনিক ও উন্নত প্রযুক্তির উদ্ধার এবং অগ্নিনির্বাপণী সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। একটি আধুনিক ফায়ার সার্ভিস একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী এর মধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান এবং পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এসএম জুলফিকার রহমান।