অস্ট্রেলিয়ার কাছে হারের পর সেমি-ফাইনালে যাওয়াটা বাংলাদেশের জন্য এমনিতেই কঠিন হয়ে পড়েছিল। এর মধ্যে ভারত ও নিউজিল্যান্ডের ছন্দপতন না হওয়ায় সমীকরণটি আরো কঠিন হয়ে গড়েছে মাশরাফী বিন মোর্ত্তজাদের জন্য। তাই এমন অবস্থায় ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়ার লক্ষ্য টাইগারদের। তাই আপাতত তাদের ভাবনা সেমি-ফাইনাল নিয়ে নয়, বরং আফগানিস্তানকে হারানো।
চলতি বিশ্বকাপে এরই মধ্যে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতে হেরেছে তারা, জয় দুটিতে; বৃষ্টিতে ভেসে গেছে একটি ম্যাচ। ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠস্থানে আছে লাল-সবুজরা।
সোমবার পরের ম্যাচে সাউদাম্পটনের রোজ বল স্টেডিয়ামে বাংলাদেশ তাদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, সেমি-ফাইনাল নিয়ে এখন না ভেবে আগে আফগানিস্তান বধ চায় বাংলাদেশ। এর যুক্তিকতাও দেখিয়েছেন দলের সাবেক অধিনায়ক।
“সামনের তিনটা ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনটা ম্যাচ নিয়ে না ভেবে আমরা এখন পরবর্তী ম্যাচটি নিয়েই চিন্তা করছি। এখান থেকেই সেমি-ফাইনালের কথা চিন্তা করলে ব্যাপারটা কঠিন। কারণ প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। পরের ম্যাচটা আমরা যদি পার হয়ে যেতে পারি তারপর সেমি-ফাইনালের কথা চিন্তা করব।”
খর্বশক্তির আফগানিস্তানকে অবশ্য হালকাভাবে নিতে নারাজ নান্নু, “সব দলকেই সতর্কতার সঙ্গে নিতে হবে। বিশ্বকাপে কাউকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সেই হিসেবে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই আপনাকে শতভাগ দিতে হবে। সব বিভাগে সফলতা দরকার। প্রতিপক্ষ খেলোয়াড় হিসেবে যেই থাকুক না কেন, এখানে তো সবার বিপক্ষেই খেলতে হবে। আমাদের সবার ভালো প্রস্তুতি নেয়া আছে।”