ভারতের বসিরহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষে কয়েকজন প্রাণ হারিয়েছেন। এদিকে রাজ্যের সংসদ সদস্য তুরস্কে শুভ কাজ সারছেন। বিয়ে সেরে রোববার স্বামী নিখিল জৈনের সঙ্গে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান।
বসিরহাটের পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।
এ নিয়ে নুসরাত বলেন, “সবকিছু হ্যান্ডেল্ড রয়েছে। দলের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সবকিছু নিয়ন্ত্রণ করেছি।”
গত ৮ জুন বসিরহাটের ন্যাজাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ শুরু হয়ে যায়। ওই ঘটনায় মৃত্যু হয় ২ বিজেপি ও ১ তৃণমূল সমর্থকের।
এ নিয়ে নুসরাত সে সময় বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি ফেরানোর চেষ্টা করা উচিত। এটা সাম্প্রদায়িক বিষয় নয়। ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে রয়েছি। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বসিরহাট স্পর্শকাতর জায়গা। মানুষ যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করার চেষ্টা করব।”
১৯ জুন বুধবার রীতি মেনে বিয়েটা সেরেছেন নুসরাত ও নিখিল। ডেস্টিনেশন ওয়েডিং হওয়ায় আমন্ত্রিতদের অনেকের পক্ষেই নুসরাত-নিখিলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি। ৪ জুলাই কলকাতায় হবে তাদের রিসেপশন পার্টি।