নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসা ছাত্রীকে ৭ ঘণ্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করার পর পুলিশ রাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ২১ জুন রাত সাড়ে ১০টায় ঐ মাদ্রাসা শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎপেতে থাকা বখাটে রাকিব তাকে মুখ চেপে ধরে পাশেই একটি খালি কক্ষে ২২ জুন ভোর সাড়ে ৫টা পর্যন্ত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে রাকিব পালিয়ে যায়। পরে ওই ছাত্রী তার পরিবারের কাছে ঘটনাটি জানায়।
রাকিব আড়াইহাজার পৌরসভার নাগের নামক এলাকার মেরাজ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বদরপুর পাটোয়ারি বাড়ি নামক এলাকার জাকির মিস্ত্রীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মেয়েটি নরসিংদী জেলার মাধবদীর খৈইড়া এলাকায় একটি মাদ্রাসায় পড়ছে। মামলা দায়েরের পর পুলিশ রাকিবকে গ্রেপ্তার করেছে।