শুটিং শেষ কলকাতার অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমার। পোস্ট প্রোডাকশানও প্রায় শেষের দিকে। এ ছবিতে জয়া আহসানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী।
টাইমস অব ইন্ডিয়া জানায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু নিজেই লিখেছেন ছবির গল্প।
টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে শুরু হয় এ গল্প। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয়ভাবে দেখা হয় দুই প্রধান চরিত্র জয়া এবং ঋত্বিকের।
অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্ত শেষমেস এতে কী ঘটে?
অতনু বলেন, “কিন্তু তাদের নিজেদের গল্প তাদের ভাবনাকেও অতিক্রম করে অনেক দূর চলে যায়। যা তাদের অবাক করে, মুগ্ধ করে সেইসঙ্গে নতুন আলোও দেখায়।”
ক্যারিয়ারের সপ্তম ছবি এটি তার। আগের ছবি থেকে এই ছবিতে নতুন কী বলতে চেয়েছেন? এতে আলাদা কোনো জায়গা তৈরি করতে পেরেছেন পরিচালক।
অতনু বলেন, “প্রত্যেক সিনেমাতে আমি চেষ্টা করি সাম্প্রতিক বাংলা সিনেমার জনপ্রিয় যেসব প্রচলিত উপাদান, তা থেকে দূরে সরে আসতে।”
তিনি বলেন, “ন্যারেটিভ ফর্মেই আমি নিজেকে রাখতে চেয়েছি। এ ছাড়া সিনেমাটোগ্রাফি, শব্দ এবং সংগীতের নিপুণ ব্যবহার ও ডিটেইলিংয়ের চেষ্টা করেছি।”
গতকাল টুইটারে বিনিসুতোয় সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন তিনি। এতে জয়া ও ঋত্বিক দুজনই আছেন। খুব সাদামাটা সাজ এবং সবুজ শাড়িতে দেখা গেছে জয়াকে।
শিগগিরই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করবেন পরিচালক। ছবিতে আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।