একটি ইলেকট্রনিকস দোকানের বিক্রেতা মাজিদের বদভ্যাস হচ্ছে, তিনি সব সময় কটন বাড দিয়ে কান চুলকান। যেটা তার পাশের মানুষদের খুব বিব্রত করে। শুধু তাই নয়, বদভ্যাসটির কারণে প্রেমিকার সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটে।
এমন ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কটন বাড’। তরুণ পরিচালক ইউসুফ চৌধুরী পরিচালিত নাটকটি গত ঈদ উপলক্ষে বাংলাভিশন টিভিতে প্রচার হয়েছে। পাশাপাশি প্রকাশ পেয়েছে ইউটিউবেও। অনলাইনে প্রকাশের পর নাটকটি দর্শকের প্রশংসা ও ভালোবাসা পাচ্ছে।
এ প্রসঙ্গে ইউসুফ চৌধুরী বলেন, ‘এটি ঈদে আমার একমাত্র কাজ। ইউটিউবে প্রকাশের পর কোনো রকম বুস্ট ছাড়া নাটকটি প্রথম তিন দিনেই ৭ লাখ ভিউ অতিক্রম করে। যেটা দেখে আমি খুব অবাক হয়েছি। দর্শকেরা গল্পটি পছন্দ করছে এটাই আমার বড় প্রাপ্তি।’
দয়াল সাহা রচিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশা।
‘কটন বাড’র মধ্য দিয়ে প্রায় দুই বছর পর আবারও নির্মাণে ফিরেছেন ইউসুফ চৌধুরী। আসন্ন ঈদুল আজহায় তিনি বেশ কয়েকটি নাটক দর্শকদের উপহার দেবেন বলে জানিয়েছেন।