‘নিচু জাতের’ ছেলেকে বিয়ে, বোনকে গুলি করে হত্যা ভাইয়ের

নিম্নজাতের ছেলেকে বিয়ে করায় বোনকে গুলি করে হত্যা করলো ভাই। শনিবার ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে।

আনন্দবাজার জানায়, একই গ্রামের কুলদীপকে ভালবেসে বিয়ে করে বুলবুল। কুলদীপ জাতে ছোট হওয়ায় তাদের বিয়েতে সায় ছিল না বুলবুলের পরিবারের।

ছয় মাস আগে বিয়ে করে তারা। যদিও বিয়ে করে ওই গ্রামে সংসার পাততে পারেননি তারা। বিয়ের পর গত শনিবার প্রথমবারের মতো নিজের বাড়িতে এসেছিলেন ২১ বছরের তরুণী বুলবুল।

কিন্তু তখনও তার ওপর ক্ষোভ কমেনি পরিবারের। তাই বাড়ির ফেরার পরই বুলবুলকে লক্ষ্য করে গুলি চালায় তার ১৭ বছরের ভাই। সেই গুলি বুলবুলের মাথায় লাগে।

ঘটনার পরপরই বুলবুলকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ কর্মকর্তা রামকুমার রাই বলেন, ‘বুলবুল ও কুলদীপ দুজনেই রাওয়াধ গ্রামের বাসিন্দা। বিয়ের পর শনিবার বাড়ি এসেছিল বুলবুল। তখনই তার ভাই গুলি করে তাকে। তবে তার ভাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।’