দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন ইথিওপিয়ার সেনাবাহিনীপ্রধান জেনারেল সিয়ারে মেকননেন। উত্তরাঞ্চলীয় আমহারা রাজ্যে একটি অভ্যুত্থানচেষ্টা প্রতিরোধের সময় সেনাপ্রধান ও তিন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন বলে জানায় বিবিসি।
আমহারা রাজ্যের আঞ্চলিক নিরাপত্তাপ্রধান জেনারেল আসামনিউ সিগের নেতৃত্বে ওই অভ্যুত্থানচেষ্টা চালানো হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার আঞ্চলিক প্রভাবশালীদের ক্রমবর্ধমান চাপে পড়েছে। এসব অঞ্চলের মধ্যে আমহারা অন্যতম। এ অঞ্চলটি ইথিওপিয়ার বাড়তে থাকা নৃগোষ্ঠীগত সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে সরকারি এক কর্মকর্তা জানান, আসামনিউ প্রকাশ্যে নৃগোষ্ঠীর মিলিশিয়াদের নিজের বাহিনীভুক্ত করছিলেন, কীভাবে তার এ তৎপরতা নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রী আবি রাজ্য প্রেসিডেন্টের সঙ্গে কেন্দ্রীয় কর্মকর্তারা বৈঠক করার সময় তাদের ওপর হামলা হয়।
এক সপ্তাহ আগে আসামনিউ প্রকাশ্যে আমহারা জনগোষ্ঠীকে অস্ত্রে সজ্জিত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমহারা জনগোষ্ঠী ইথিওপিয়ার বৃহত্তম নৃগোষ্ঠী। গত শনিবার রাতে সামরিক পোশাক পরা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, ওই দিন সকালে আমহারার রাজধানী বাহিরদারে একটি অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছে এবং হতাহতদের মধ্যে ইথিওপিয়ার চিফ অব স্টাফ সিয়ারে মেকননেনও আছেন।