শুরুর আড়মোড়া কাটিয়ে উঠল ব্রাজিল। কোপা আমেরিকায় ফেভারিটের মতোই ফিরেছে স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে সমর্থকদের মন ভরাতে পারেনি দলটির খেলা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে তা কাটল। পেরুর বিপক্ষে ৫-০ গোলে জিতেছে ব্রাজিল। এতে চিলির পর দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি খেলায় পুরনো দুর্বার ব্রাজিলকে ফেরালেন ফিরমিনো-উইলিয়ানরা।
বলিভিয়া ও ভেনেজুয়েরার সঙ্গে প্রথম দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র করেছিল ব্রাজিল। তবে দুই ম্যাচে স্পষ্ট আধিপত্য বা ম্যাচ শেষের তৃপ্তি ছিল না। তাই ম্যাচের বিরতি বা শেষ বাঁশির পর ঘরের সমর্থকরাই দুয়োধ্বনি দেয়। টানা দুই ম্যাচে গড়পড়তা মানের পারফরম করায় কোচ তিতেও মেনে নেন নিজেদের ব্যর্থতা। তা নিয়ে হোমওয়ার্ক করে অবশেষে ভুল শুধরাতে পেরেছে ব্রাজিল। পেরুর সঙ্গে স্পষ্ট আধিপত্য ও চেনা ছন্দে ফিরে প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় ৮ বারের কোপাজয়ীরা। পরের অর্ধে আরও ২ গোলে বড় জয় নিশ্চিত হয়। শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল জেসুসের দুর্বল পেনাল্টি শট পেরুর গোলরক্ষক ফিরিয়ে দেন। নয়তো ৬ গোল পেয়ে যেত ব্রাজিল।
১১ মিনিটে কাসেমিরো, ১৮ মিনিটে ফিরমিনো, ৩১ মিনিটে এভারটনের গোলে প্রথমার্ধেই ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায় প্রায়। এর মধ্যে ফিরমিনোর গোলটি হয় পেরুর গোলরক্ষকের ভুলে। পরে ৫৩ মিনিটে অধিনায়ক দানি আলভেস ও ৯০ মিনিটে উইলিয়ান ব্যবধান বাড়ান। গ্যালারিতে ম্যাচ দেখতে আসা নেইমার তাই হাসিমুখে ফিরতে পেরেছেন। তিন ম্যাচ থেকে দুই জয় ও একটি ড্রতে ৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার নিশ্চিত হলো ব্রাজিলের। ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করায় ‘বি’ অথবা ‘সি’ গ্রুপের তিন নম্বর দলের সঙ্গে লড়বে স্বাগতিকরা। আর এখানেই চরম আকর্ষণ থাকছে। ‘বি’ গ্রুপে আছে আর্জেন্টিনা। তাদের অবস্থান এখন তলানিতে (শেষ ম্যাচের আগপর্যন্ত)। গতকাল রাতে কাতারের সঙ্গে জিতলে আর প্যারাগুয়ে কলম্বিয়াকে হারালে তিন নম্বরেই থাকবে আর্জেন্টিনা। তখন তৃতীয় হওয়া তিন দলের একটি হয়ে কোয়ার্টারে যাবেন লিওনেল মেসিরা। তখন ২৭ জুন পোর্তা আলেগ্রেতে ব্রাজিলের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে।
পেরুর বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পেরে উৎফুল্ল অধিনায়ক আলভেস। জানালেন কোয়ার্টারে খেলবেন সেটা জানতেন। সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানালেন আলভেস, ‘পরে বা আগে, আমরা জানতাম কোয়ার্টার ফাইনালে খেলব। কিন্তু প্রথম দুটি ম্যাচে আমাদের পারফরম ভালো ছিল না। আজ (পেরু ম্যাচ) যেভাবে খেলেছি এটা আমাদের সেরা খেলা। এটা সম্ভব হয়েছে সমর্থকদের জন্য। আজ পুরো গ্যালারি আমাদের সঙ্গে ছিল। যখন আমরা সবাই এক হই তখন ব্রাজিল অন্যরকম। আমরা অন্যরকম আত্মবিশ্বাস পাই। আমাদের ওপর আস্থা রাখার জন্য সমর্থকদের ধন্যবাদ। আশা করি বাকি ম্যাচগুলোতেই এমন সমর্থন পাব।’
এদিকে গ্রুপের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ভেনেজুয়েলা। এতে সুবিধা হয়েছে পেরুর। ৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় দল তারা। তাই অন্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে পেরুর ভাগ্য। তারা এখন সেরা তৃতীয় তিনটি দলের মধ্যে সবার ওপরে। বাকি দুই দল কাতার বা জাপানের ভাগ্যে বাজে কিছু হলে কোয়ার্টার নিশ্চিত হতে পারে পেরুর।