প্রথমবার ভোটে হেরে কারচুপির অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ কোনোভাবে ‘প্রতিষ্ঠিত’ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ফের আয়োজন করেন ইস্তাম্বুলের মেয়র নির্বাচন। কিন্তু সেখানেও ভোটাররা তার প্রার্থী বিনালি ইলদিরিমকে প্রত্যাখ্যান করেছেন।
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই নির্বাচন এরদোয়ানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথমবারের নির্বাচনে কম ব্যবধানে হেরছিলেন তার প্রার্থী। এবারের হার আরও বেশি ব্যবধানে।
গত ৩১ মার্চ ইস্তাম্বুলে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র (সিএইচপি) প্রার্থী ইকরাম ইমামোগলু বিস্ময়করভাবে জয়লাভ করেছিলেন।
কিন্তু সেই নির্বাচন প্রত্যাখ্যান করেন এরদোয়ান। মে মাসে তুরস্কের হাই ইলেকশন বোর্ড অনিয়মের অভিযোগে ওই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে আবারও ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।
রাষ্ট্রপরিচালিত আনাদলু বার্তা সংস্থা জানিয়েছে, ইস্তাম্বুলের দেড় কোটিরও বেশি ভোটার ভোটে অংশ নেয়। বেসরকারি ফলাফলে প্রধান বিরোধীদলীয় প্রার্থী ইকরাম ইমামোগলু ৫৪.০৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এরদোয়ানের প্রার্থী ইলদিরিম পেয়েছেন ৪৫.০৯ শতাংশ। তিনি এরই মধ্যে নির্বাচনে হার স্বীকার করে ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন।
মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং তুর্কি মুদ্রা লিরার দাম পড়ে যাওয়ায় নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়ে এরদোয়ানের দল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির ফলে চাপে পড়ে তুর্কি অর্থনীতি।