মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সোমবার সকালে এই তদন্ত কমিটি গঠন করে।
রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম গণমাধ্যমকে জানান, রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে। চার সদস্যের এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনসংলগ্ন একটি ব্রিজে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ দুর্ঘটনায় পতিত হয়।
ব্রিজ ভেঙে সাতটি বগির মধ্যে দুটি ছিটকে খালে পড়ে যায়, তিনটি লাইনচ্যুত হয়ে স্থলভাগে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয় এবং লাইনচ্যুত বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাঁকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
কুলাউড়া উপজেলার চেয়ারম্যান এ এক এম সফি আহমদ (সলমান) জানান, আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুলাউড়ার সাবেক পৌর মেয়রের ভাই আবদুল বারির স্ত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।