সানিয়া মির্জার শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। নিজের দেশ ভারত, স্বামীর দেশ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শ্বশুর বাড়ির দেশের কোনো সাফল্যে অভিনন্দন জানালেই নিজ দেশে সমালোচনায় পড়তে এই টেনিস তারকাকে। আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার ট্রলের শিকার হলেন পাক ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী।
লর্ডসে রোববার প্রোটিয়াদের বিপক্ষে ৪৯ রানের জয় পায় পাকিস্তান। এই জয়ে বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা কিছুটা হলেও জিইয়ে রাখলো সরফরাজ আহমেদের দল। ম্যাচটিতে ছিলেন না সানিয়ার স্বামী। তার জায়গায় একাদশে ডাক পাওয়া হারিস সোহেল খেলেছেন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস।
টানা হতাশার পর জয়ে ফেরায় পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সানিয়া। লিখেছেন- “পাকিস্তান দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাদেরকে অভিনন্দন। আনপ্রেডিক্টেবল দলটি এমনটা সবসময় দেখায়। বিশ্বকাপ আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠল।”
পাকিস্তানকে সানিয়ার অভিনন্দন জানানোর বিষয়টি মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। একজন টুইটে লিখেছেন, “সানিয়া আপনার সময় থাকলে ১৬ জুনের ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে পারেন।”
সানিয়াকে উদ্দেশ করে আরেকজন লিখেছেন, “আমি মনে করি ভারত-পাকিস্তানের মধ্যে কাকে বেছে নেবেন এ নিয়ে আপনি দ্বিধায় থাকেন।” আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে- “যাই হোক, আপনি কাদের সমর্থন করছেন?”