বিস্তার লাভ করবে তাপপ্রবাহ, অপেক্ষা বাড়ছে বৃষ্টির

দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। বৃষ্টির অপেক্ষায় থাকতে হতে পারে আরও তিন দিন।

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ঢাকা, টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা এবং যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রবিবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবণতা রয়েছে।