সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একজন নিহত হয়েছেন। রবিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিহত ব্যক্তি সিরীয় নাগরিক।
সৌদি জোট জানায়, ইরান সমর্থিত হুথি মিলিশিয়ারা আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ‘সন্ত্রাসী’ হামলা চালিয়েছে। প্রতিদিন এ বিমানবন্দর দিয়ে হাজার হাজার বেসামরিক নাগরিক যাতায়াত করে।
তবে কিভাবে এ বিমানবন্দরে হামলা চালানো হয়েছে সৌদি সামরিক জোট সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
রোববার হুথি বিদ্রোহীদের আল-মাসিরাহ টিভি জানায়, তারা ড্রোন ব্যবহার করে সৌদি আরবের দক্ষিণের আবহা ও জিজান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে গত ১২ জুন আবহা নগরীর এ বিমানবন্দরে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ বেসামরিক নাগরিক আহত হয়। ওই ঘটনায় সৌদি জোটের পক্ষ থেকে ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অব্যাহত উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে মিত্র সৌদি আরবের হামলার পরিধি বাড়িয়েছে তেহরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।