‘কলকাতার বুদ্ধিজীবীরা ভীতু ও সুবিধাসন্ধানী’

কলকাতার বুদ্ধিজীবীদের ‘ভীতু ও সুযোগসন্ধানী’ বললেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রোববার জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬৬তম মৃত্যুবার্ষিকীতে এইভাবে তোপ দাগেন তিনি।

দিলীপের ক্ষোভ, একদিকে যখন পশ্চিমবঙ্গ রাজ্য জ্বলছে, বিজেপি সমর্থকেরা মার খাচ্ছেন, খুন হচ্ছেন শাসকদলের গুন্ডাবাহিনীর হাতে। তখনো মুখ বন্ধ বুদ্ধিজীবীদের।

তার মতে, বুদ্ধিজীবীদের ভয় মুখ খুললেই শাসকদলের ‘ব্যাড বুকে’ নাম উঠবে। যাবতীয় সুযোগ-সুবিধা থেকে ভবিষ্যতে বঞ্চিত থাকবেন তারা।

বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন মেদিনীপুর পৌরসভার নবনির্বাচিত বিধায়ক ও স্থানীয় মানুষ। একই সঙ্গে কলকাতার মেয়র ও তৃণমূলের প্রথম সারির নেতা ফিরহাদ হাকিমের দাবি, “এমন উসকানিমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে।”

ফিরহাদ বলেন, “এর থেকেই বোঝা গেল, বাংলার বুদ্ধিজীবী মহল ও সংস্কৃতির প্রতি কী ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে বিজেপি। বাংলার কৃষ্টি, ইতিহাস, শিল্পের প্রতি কোনো সম্মান নেই বলেই এভাবে বুদ্ধিজীবীদের হেনস্তা করতে পারলেন রাজ্য বিজেপি সভাপতি।”

এ দিকে তৃণমূল ঘনিষ্ঠ জনপ্রিয় কবি সুবোধ সরকার বলেন, “এই মন্তব্যে দিলীপ ঘোষের নীচু মানসিকতারই প্রতিফলন ঘটেছে।”

কয়েক বছর আগে একইভাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সমালোচনা করেন দিলীপ ঘোষ।