জঙ্গি দমনে বাসা বাড়িতে, অফিসে সিসি ক্যামেরা বসানোর আহ্বান

জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় বাসা বাড়িতে, অফিসে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রোববার উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মহানগর পুলিশ প্রধান এ আহ্বান জানান।  

তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই বেশি। পরে সামাজিক এবং আইনি প্রক্রিয়ার সমন্বয় প্রয়োজন।

সাইবারে ওয়ার্ল্ডে দেশকে অস্থির করতে অনেক দেশ ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার।

নাগরিক তথ্য সংগ্রহ ফরমে অভূতপূর্ণ সাড়া পাওয়া গেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার আশা প্রকাশ করে বলেন, নতুন করে আরও পাঁচ লাখ ভাড়াটিয়া ও বাড়ির মালিক এর সঙ্গে যুক্ত হবে।

উল্লেখ্য, দেশের সব বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে তা একই সফটওয়্যারে আনার উদ্যোগ নিয়েছে পুলিশ। সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামের এই সফটওয়্যারে নাগরিকের তথ্য যুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটে নির্দেশনা দেওয়া হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিট প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার, মোস্তাক আহমেদ খান সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।