রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে খুবই সন্তুষ্ট বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বললেন, এতে যেন নজর না লাগে।
তার মতে, রণবীরকে যতটা জটিল বলে বর্ণনা করা হয় ততটা আসলে নন। বরং এই অভিনেতা হলেন ‘রত্ন’।
অনেক দিন ধরে দুই তারকার সম্পর্ক নিয়ে বলিউডে চর্চা হচ্ছে। প্রথম দিকে প্রেমের কথা স্বীকার না করলেও পরে তারা কবুল করেন প্রকাশ্যে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের নানা দিক খোলাসা করেন ‘হাইওয়ে’ নায়িকা।
তবে একে ‘সম্পর্ক’ বলার চেয়ে ‘বন্ধুত্ব’ বলতেই বেশি স্বচ্ছন্দ আলিয়া। বন্ধুত্ব হলো এর অকৃত্রিম ও সৎ অভিব্যক্তি।
আলিয়া জানান, তারা দুজনই পেশাগত দিক নিয়ে দারুণ ব্যস্ত আছেন। তাই নিয়মিত দেখা হয় না। এটাকে তিনি সম্পর্কের ‘আরামদায়ক’ দিক বলে উল্লেখ করেন। এরপরই বলেন, “নজর না লাগে যেন।”
আরও উল্লেখ করেন, সাধারণত রণবীর সম্পর্কে যা বলা হয়, তা ঠিক নয়। তার একটি সমস্যাগ্রস্ত অতীত রয়েছে। কিন্তু এটা কোনো বিষয় নয়। যে কারো জীবনে এমনটা থাকতে পারে।
ওই সাক্ষাৎকারে প্রেমিকের প্রশংসা শেষই করছিলেন না আলিয়া। বিয়ে প্রসঙ্গে জানান, প্রতিদিন ঘুম থেকে ওঠে পত্রিকায় এই সংবাদ পান। এতে রণবীরও নাকি অভ্যস্ত হয়ে পড়েছেন।
রোববার নিউইয়র্কে রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু সিং-এর সঙ্গে দেখা করেন আলিয়া। সোশ্যাল মিডিয়া সেই ছবি শেয়ার দেন নীতু। সেখানে রণবীর-আলিয়া ছাড়াও রয়েছে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চন।
সামনে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এই ছবির সেটে তাদের প্রেম হয়।