চবিতে রামদার মুখে ছিনতাইয়ের শিকার ৬ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশীয় অস্ত্রের মুখে মুখোশধারীদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন ছয় শিক্ষার্থী। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর হলের সামনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মো. সুজন নামের একজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

আটক সুজনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে বলে জানা যায়। তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীরা জানান, দুপুর দেড়টার দিকে আমরা ছয় বন্ধু বিশ্ববিদ্যালয়ের শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ঘুরতে গেলে হঠাৎ মুখোশধারী চারজন ছিনতাইকারী আমাদের আক্রমণ করে। এ সময় তারা রামদা'র ভয় দেখিয়ে আমাদের পাঁচটি মোবাইল, নগদ পাঁচ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের স্থানীয় কৃষক মনে হয়েছে। আমরা এ বিষয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে চবি প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, ছাত্রদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (সুজন) আরও দুজনের নাম বলেছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ ইনচার্জ তাইজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটকের পর তাকে হাটহাজারী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।