গাজীপুর থেকে অপহৃত স্কুলছাত্রী ময়মনসিংহে উদ্ধার, আটক-১

গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে গাছা থানা পুলিশ।

উদ্ধার নাঈমা জান্নাত (১৩) নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তরখাইলকুর এলাকার নজরুল ইসলাম রনির মেয়ে এবং স্থানীয় ন্যাশনাল মডেল একাডেমির ৭ম শ্রেণির ছাত্রী। সোমবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

অপহৃত ছাত্রীর পিতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আসামি আসাদুল (২৫) কে রবিবার উত্তরখাইলকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, উত্তরখাইকুর এলাকায় তাদের নিজ বাড়ির পাশের একটি রিকশার গ্যারেজে কাজ করত অভিযুক্ত আসাদুল। জান্নাত স্কুলে যাওয়া আসার পথে আসাদুল বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতো। তার স্ত্রীর মোবাইলে বাজে বাজে এসএমএস পাঠাত। বিষয়টি নিয়ে আসাদুলকে কয়েকবার সতর্ক করলে সে জান্নাতকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছিল।

গত ২২ মে ওই ছাত্রী স্কুল থেকে কোচিংয়ে যায়। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে ২৪ মে মেট্রোপলিটন গাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ রবিবার অভিযুক্ত আসাদুলকে গ্রেপ্তার করে।

গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, অভিযুক্ত আসাদুল একই এলাকায় ভাড়া থেকে রিকশার গ্যারেজে কাজ করত ও মাছের ব্যবসা করতো। ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে আসাদুলকে উত্তরখাইলকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাজিহাটি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।