পার্বতীপুরে সামাজিক বনায়ন কর্মসূচির গাছ কেটেছে দুর্বৃত্তরা

বন বিভাগের দিনাজপুরের পার্বতীপুরে তিস্তা ব্যারেজ ক্যানেলের ৩০টি আকাশমণি গাছ ও কাজিপাড়া-চান্দেরডাঙ্গা সড়কের মূল্যবান ১৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, আজ সোমবার ভোরে বেলাইচন্ডি ইউনিয়নের ব্রক্ষ্মত্তোর সোনাপুকুর গ্রামের ওপর দিয়ে চলে যাওয়া তিস্তা ক্যানেলের বাঁধে। 

পার্বতীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা (ফরেস্টার) শহিদুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। সেই সাথে আইনি ব্যবস্থা নিতে পার্বতীপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ব্রক্ষ্মত্তোর সোনাপুরু থেকে রামপুর ইউনিয়নের দড়িখামার পর্যন্ত ২০১৭-১৮ অর্থ বছরে বন বিভাগ সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ৩০ হাজার আকাশমণি গাছ রোপণ করা হয়।

পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।