মালিকের জন্য থানার বাইরে এক বছর অপেক্ষা কুকুরের

এক বছর ধরে মালিকের জন্য পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করছে বুয়েন্স আয়ার্সের কুকুর শেইলা।

জানা যায়, গত বছর শেইলা’র মালিককে কারাগারে নেয় বুয়েন্স আয়ার্স প্রভিন্সের ছোট্ট শহর ২৫ ডি মায়োর পুলিশ। সেই থেকে সে মালিকের অপেক্ষায় পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করছে।

পুলিশের ধারণা, মালিককে গ্রেপ্তার হতে দেখেই পুলিশের পিছু পিছু স্টেশনে চলে আসে কুকুরটি। সেই থেকে অনড় অপেক্ষা।

কয়েকদিন যেতে না যেতেই শেইলা’র বিষয়টি নজরে পড়ে পুলিশ কর্মকর্তাদের। তারাই তাকে খাবার দিতে শুরু করেন। শুরুতে একটু সাবধানী আচরণ করলেও ধীরে ধীরে পুলিশ সদস্যদের বিশ্বাস করতে শুরু করে সে। এখন সে থানার ভেতরেই ঘুমায়, মাঝে মাঝে পুলিশ সদস্যদের সঙ্গে ঘুরেও বেড়ায়। তবে দিনশেষে সে মালিকের অপেক্ষায় পুলিশ স্টেশনেই ফিরে আসে।

স্থানীয় পুলিশের কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমরা শেইলার মালিককে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। সেই থেকে সে এখানে অপেক্ষা করছে। মনে হয় সে পুলিশের গাড়ি লক্ষ্য করেই এখানে এসেছে। প্রথম থেকেই ৪-৫ বছর বয়সী কুকুরটি বাইরে অপেক্ষা করছিল।

শেইলার এমন আচরণে মুগ্ধ হয়ে তার মালিককে কিছুক্ষণের জন্য প্রিয় প্রাণীর সঙ্গে সময় কাটানোর সুযোগ দেয়।

একজন পুলিশ সদস্য জানান, সে সবসময়ই মালিককে দেখতে ভেতরে যায় এবং পুলিশ স্টেশনের ভেতরেই ঘুমায়।

পুলিশের ওই কমিশনার বলেন, মালিকের মুক্তি হলে শেইলা হয়ত তার সঙ্গে বাড়িতে ফিরে যাবে এবং অবশ্যই আমরা সবাই তাকে খুব মিস করব।

তবে শেইলার মালিকের সাজার মেয়াদ সাড়ে তিন বছর। পুরো সময়টাই কুকুরটির দেখভালের দায়িত্ব নেওয়ার কথা দিয়েছে পুলিশ।

শেইলা’র এমন আচরণ আরও একবার মনে করিয়ে দেয় কুকুরের বিশ্বস্ততার কথা।