অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নিকেতনে শিল্পী সংঘের অফিসে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খাইরুল আলম সবুজ। এসময় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, যুগ্ম সম্পাদক হৃদি হক, নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা প্রমুখ।
গত ২১ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের ২০২৯-২০২০ দ্বি-বার্ষিক নির্বাচন। ওইদিন রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম।
সভাপতি হিসেবে সেলিম পেয়েছেন ৩২৫ ভোট। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরজিত করেছেন।
সাধারণ সম্পাদক হিসেবে নাসিম পেয়েছেন ৪২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি পেয়েছেন ৩৫ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন- আজাদ আবুল কালাম (৩৪৪), ইকবাল বাবু (২৭৪) ও তানিয়া আহমেদ (২৪৩)। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান (২৮৪) এবং আনিসুর রহমান মিলন (২১৬)।
অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন (৩২২), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (১৭৭), অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু (২২৯), আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (২০২), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (২৪২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০) নির্বাচিত হয়েছেন।
নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব (৩৫৫), জাকিয়া বারী মম (২৭৬), বন্যা মির্জা (২৬৮), মনিরা বেগম মেমী (২৪৩), শামস সুমন (২৩৮) ও রাজীব সালেহীন (২২৯)।
৬০৬ জন ভোটারের মধ্যে এবার ৫১৮ জন ভোটার তাদের রায় প্রদান করেছেন। প্রধান নির্বাচন হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল আলম সবুজ। এ ছাড়া নির্বাচন কমিশনার ছিলেন মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ।