স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ২ জুলাইয়ের মধ্যে দেশের সব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফার্মেসিতে এখন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা যাবে না। এ ব্যাপারে ফার্মেসি মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কোম্পানিগুলো নিজ দায়িত্বে নিয়ে যাবে। ফার্মেসি মালিকদের সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফার্মেসিতে এ ধরনের ওষুধ একটি নির্দিষ্ট কর্নারে রেখে ‘নট ফর সেল’ বা ‘বিক্রয়ের যোগ্য নয়’ লিখে সংরক্ষণ করতে হবে। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকার মিডিয়ার সঙ্গে একত্রিত হয়ে সমন্বিতভাবে কাজটি করবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব আসাদুল ইসলাম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।