ইসলামে আপত্তি থাকলে হৃতিক-সুজানের বিয়ে কেন!

মেয়ে সুনয়নাকে নিয়ে বেশ ঝামেলায় রয়েছে বলিউডের রোশন পরিবার। মুসলিম ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় পরিবারের গঞ্জনার শিকার হয়েছেন বলে সম্প্রতি অভিযোগ তুলেছেন হৃতিক রোশনের ছোট বোন।

এই নিয়ে প্রশ্ন তুলেছেন সুনয়নার প্রেমিক রোহেল আমিন। তার মতে, ইসলাম ধর্মে আপত্তি থাকলে সুজান খানের সঙ্গে কীভাবে ছেলে হৃতিকের বিয়ে দিতে রাজি হয়েছিলেন বাবা রাকেশ রোশন।

এর আগে সুনয়না জানান, সাংবাদিক রোহেল আমিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তাকে চড় মারেন বলিউডের খ্যাতনামা অভিনেতা ও নির্মাতা রাকেশ। এমনকি রোহেলকে জঙ্গি বলেও অপমান করেন।

আরও অভিযোগ, প্রথমে সাহায্য করবেন বলে পরে মুখ ফিরিয়ে নেন বড় ভাই হৃতিক।

রোহেলের বক্তব্য, ভিন্ন ধর্মে ভালোবেসেই পরিবারের সবার কাছে অপ্রিয় হয়েছেন সুনয়না।

এই প্রসঙ্গ টেনে বলেন, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একজনকে শুধু তার ধর্মের পরিপ্রেক্ষিতে বিচার করা খুবই দুর্ভাগ্যজনক। একটা সময় হৃতিক তো সুজানকে বিয়ে করেছিলেন। তিনিও তো ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। তাহলে এখন কেন এত আপত্তি!”

কীভাবে দেখা হলো তাদের? উত্তরে রোহেল জানান, নিউজ চ্যানেলের হয়ে একটি বিনোদন অনুষ্ঠান কভার করতে গিয়ে আলাপ হয় সুনয়নার সঙ্গে। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফের যোগাযোগ হয় তাদের।

দিনকয়েক আগে শোনা গিয়েছিল, বাইপোলার ডিসঅর্ডার রয়েছে সুনয়নার। মাদকাসক্তির কারণে মানসিক অবসাদে ভুগছেন। সুস্থ হয়ে ওঠার জন্য রিহ্যাবেও যেতে হয়েছে তাকে।

এই সব জল্পনার মাঝে টুইটারে সুনয়না জানালেন, তার কোনো সমস্যা নেই৷

এর রেশ কাটতে না কাটতেই টুইটারে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। সুনয়না লেখেন, “পরিবারের থেকেও আমি আলাদা রয়েছি। কারণ আমি মুসলিম ছেলেকে ভালোবেসেছি, তাই বাবা আমাকে চড় মেরেছিল। দাদাও আমার পাশে দাঁড়ায়নি। বাড়ির পরিবেশ দিন দিন আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। মনে হচ্ছে বেঁচে থেকেই নরকে বাস করছি।”

 ইতিমধ্যে এই ঘটনায় জড়িয়ে পড়েছেন হৃতিকের সাবেক প্রেমিকা কঙ্গনা রনৌত ও তার বোন রঙ্গোলি। সুনয়নার বিপক্ষে মন্তব্য করেছেন এই নায়কের সাবেক স্ত্রী সুজান। তবে পুরো বিষয় নিয়ে রোশন পরিবার কোনো মন্তব্য করেনি।