চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে বরিস

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বরিস জনসন বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যকে বের করে আনা (ব্রেক্সিট) নিয়ে নতুন চুক্তি চাইবেন। তবে ইইউ দাবি না মানলে তিনি কোনো চুক্তি ছাড়াই আগামী ৩১ অক্টোবর বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির সঙ্গে জোটের সম্পর্কের ইতি টানবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বরিসের চুক্তিসহ বা ছাড়া ব্রেক্সিটের চিন্তা যুক্তরাজ্যে তিন বছর ধরে চলা এই সংকটকে ঘনীভূত করতে পারে। চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে পার্লামেন্ট সদস্যরা (এমপি) অবস্থান জানানোয় তাদের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ঝামেলা বাধতে পারে। চুক্তিহীন ব্রেক্সিটের মানে হলো অন্তর্বর্তীকালীন কোনো সময় ছাড়া দ্রুততার সঙ্গে ইইউ ছাড়া। এটি ব্যবসা প্রতিষ্ঠানের অনেক শীর্ষ কর্মকর্তার জন্য দুঃস্বপ্ন হলেও কট্টর ব্রেক্সিটপন্থিদের দীর্ঘদিনের চাওয়া।

বরিস জনসন বিবিসিকে বলেন, পদত্যাগ করা প্রধানমন্ত্রী টেরিজা মে’র ‘মৃত’ প্রত্যাহার চুক্তির বদলে ইইউর সঙ্গে নতুন চুক্তি করতে চাইবেন। তবে পরিস্থিতি এমন না হলে হ্যালোইন উৎসবের মধ্যে ৩১ অক্টোবর জোট ছাড়তে চান তিনি। এদিকে গত বছরের নভেম্বরে মে’র সঙ্গে হওয়া ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন করে দরকষাকষি করতে চায় না ইইউ।