তিনটি হজ এজেন্সিকে ৩০ লাখ টাকা জরিমানা

হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর নয়াপল্টনে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

সারোয়ার আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, ইচ্ছামতো বিমানের টিকিটের মূল্য রাখা হচ্ছে বলে এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে হজযাত্রীরা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে নয়াপল্টনের সিটিহার্ট মার্কেটের কয়েকটি এজেন্সিতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, সরকার নির্ধারিত টাকার অতিরিক্ত নেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে এ রকম অভিযোগ অনেকেই করেছেন।

তিনি আরও বলেন, সরকার হাজিদের কথা মাথায় রেখে এ বছর ১০ হাজার টাকা বিমানভাড়া কমিয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্ত না মেনে এজেন্সিগুলো সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছে।