শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের ৩২৯ উপজেলায় ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার সংসদে গণফোরামের মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন শীর্ষক প্রকল্পের মেয়াদ আরও ৩ বছর বাড়ানো হয়েছে। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে।
এদিকে নিজাম উদ্দিন জলিলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে দেশের বেশির ভাগ জেলা শহরে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।
সরকারি দলের মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্নাতক ও সমপর্যায়ের ১০ লাখ ২৮ হাজার ৮৮০ জন শিক্ষার্থীকে ৬৫৩ কোটি ৭০ লাখ ২১ হাজার ১২০ টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ লাখ ৪০ হাজার ৬২ জন নারী শিক্ষার্থী।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী ক্যাম্পাসে গেলে তাদের পরিচালন ব্যয় কমে যাবে। এতে করে ছাত্রছাত্রীদের বেতন কমানো সহজ হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য অনেকাংশে দূর হবে।
শিক্ষামন্ত্রী বলেন, গত ১০ বছরে (২০১০-১৯) ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বিনা মূল্যের বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের ২৯৫ কোটি ১ লাখ ২০ হাজার ৭৮৪ কপি পাঠ্যবই ও শিক্ষকদের ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি শিক্ষক নির্দেশিকা।
অন্যদিকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।