বেশি দামে বিদেশি নকল বই বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার গতকাল মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকায় এ অভিযান চালান।
তিনি সাংবাদিকদের বলেন, বিদেশি লেখকের পাইরেসি করা ফটোকপি বই অনেক ক্ষেত্রে আসল বইয়ের চেয়ে বেশি দামে বিক্রি করছেন দোকানিরা। এসব অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিন ওয়ার্ল্ড বিচিত্রাকে ২৫ হাজার, বই বিচিত্রা-১-কে ৫০ হাজার, বই বিচিত্রা-২-কে ৫০ হাজার, জ্ঞান বিচিত্রাকে ৫০ হাজার ও বিশ্ব বিচিত্রাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঈদের আগে নিম্নমানের খাদ্যপণ্য তৈরির অভিযোগে অফিসার্স ক্লাব ও পাঞ্জাবির দাম বেশি নেওয়ায় আড়ংকে জরিমানা করায় ৩ জুন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভোক্তা অধিদপ্তর থেকে বদলি করে তাকে সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে পরদিনই বদলির আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।