৩ বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবকে না

বিশ্বকাপ ক্রিকেট হয় চার বছর পরপর। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রস্তাব করেছে তিন বছর পরপর বিশ্বকাপ আয়োজনের। সম্প্রতি আইসিসির কার্যকরী গ্রুপের পূর্ণ মেম্বার দেশের প্রধান নির্বাহীদের এক আলোচনা সভায় এমন প্রস্তাব করা হয়েছে। মূলত আইসিসির ইচ্ছা প্রতি বছর একটি করে ক্রিকেটের বিশ্ব আসর আয়োজন করা। ভারতীয় এক গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এ প্রস্তাবকে না করে দিয়েছে পূর্ণ মেম্বার দেশগুলো। রিপোর্টে বলা হয়, আইসিসির এমন প্রস্তাবে রাজি হয়নি বেশিরভাগ পূর্ণ মেম্বার দেশগুলো। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ‘আইসিসির প্রস্তাব না করে দেওয়া হয়েছে। এর পেছনে একটি কারণ টি-টোয়েন্টি ক্রিকেটাই জনপ্রিয় করার চেষ্টা থাকে স্টক হোল্ডারদের।’ বর্তমানে মূল তিনটি বিশ্ব আসর আয়োজন করে আইসিসি। ৫০ ওভারের বিশ্বকাপ, বিশ্বকাপ টি-টোয়েন্টি এবং নারী বিশ্বকাপ। একই সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, ‘প্রতি তিন বছরে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া রাজি নয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী এর বিরোধিতা করেছেন। কারণ ইংল্যান্ডের ঘরের মাঠে ক্রিকেট খেলার সঠিক সময় ইংলিশ সামার (জুন-আগস্ট) এবং তারা এই সময়ে আইসিসিকে সøট দিতে রাজি নয়।’ ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াতেও হোম সিরিজ খেলার জন্য সবচেয়ে ভালো সময় ডিসেম্বর-জানুয়ারি। তাই তারাও রাজি নয় তিন বছর পরপর বিশ্বকাপ আয়োজনে। সূত্র : ইন্টারনেট