বাজে ফিল্ডিংয়ের জন্য পাকিস্তানের দুর্নাম নতুন কিছু নয়। তাদের ফিল্ডিংয়ের দুরবস্থা দূর হচ্ছে না কিছুতেই। বিশ্বকাপের মতো আসরেও ফিল্ডিংয়ের দুর্দশা কাটছে না দলটির। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ক্যাচ ধরার ব্যর্থতায় পাকিস্তানের নামটিই আছে সবার উপরে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে পাকিস্তান। বৃষ্টিতে ভেসে গেছে একটি ম্যাচ। পাঁচ ম্যাচের মধ্যে দলটির খেলোয়াড়রা ক্যাচ মিস করেছে ১৪টি। অর্থাৎ ৩৫ শতাংশ ক্যাচই ধরতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের ফিল্ডাররা।
ক্যাচ ধরার ব্যর্থতায় দ্বিতীয়স্থানে আছে স্বাগতিক ইংল্যান্ড। দলটি ক্যাচ মিস করেছে ১২টি। নয়টি ক্যাচ হাতছাড়া করে এই তালিকায় তৃতীয়স্থানে আছে নিউজিল্যান্ড।
অন্যদিকে, চলতি বিশ্বকাপে ক্যাচ ধরায় সবচেয়ে সফল দল হলো ভারত। এখন পর্যন্ত একটি মাত্র ক্যাচ হাত ছাড়া হয়েছে তাদের। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচটি ধরতে ব্যর্থ হন লোকেশ রাহুল।
ক্যাচ ধরায় দ্বিতীয় সফল দল আফগানিস্তান। মাত্র দুটি ক্যাচ হাতছাড়া হয়েছে তাদের। মাত্র তিনটি ক্যাচ হাতছাড়া করে এই তালিকায় তৃতীয়স্থানে আছে শ্রীলঙ্কা। চারটি ক্যাচ হাতছাড়া করে বাংলাদেশ আছে চতুর্থস্থানে।