বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে বন্ধুকে ট্রেনের নিচে নিক্ষেপ

বন্ধুর স্ত্রী সঙ্গে প্রেমের সম্পর্কে বাধা ছিল বন্ধুই। ফলে প্রেমিকাকে বিয়ে করতে বন্ধুকেই হত্যা করে বসে দিল্লির এক ব্যক্তি। মঙ্গলবারের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গুলকেশ নামে ওই বন্ধুকে।

এনডিটিভি জানায়, বন্ধু দলবীরের স্ত্রীর সঙ্গে প্রেম গড়ে উঠে গুলকেশের। কিন্তু তাদের বিয়েতে পথের কাঁটা হয়ে ছিল দলবীর। ফলে তাকে হত্যা করে গুলকেশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দলবীরকে ফোন করে বাড়ির বাইরে ডাকে গুলকেশ। তার পর তাকে নিয়ে যায় পাশে রেল লাইনের ধারে। সেখানে দলবীরের মাথায় পেছনে ইট দিয়ে আঘাত করে গুলকেশ। সেই আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে দলবীর। এর পর দলবীরের দেহ ট্রেনের ধাক্কায় যাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়, সে জন্য রেল লাইনের ওপর ফেলে দেয় বন্ধু গুলকেশ।

পরে দলবীরকে খুন করে নিজেই পুলিশে খবর দেয় গুলকেশ। পুলিশকে ফোন করে সে বলে, রেললাইনে এক ব্যক্তির ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। তার পরই গ্রেপ্তার করা হয় গুলকেশকে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ভুল তথ্য দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করছিল গুলকেশ। কিন্তু তার ফোনের কল রেকর্ডস খতিয়ে দেখতেই বেরিয়ে আসে নানা তথ্য।

পুলিশি জেরার মুখে স্বীকার করতে বাধ্য হয় গুলকেশ। দলবীরের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাকে সে হত্যা করে।