সেই নিজামের টাকা নিয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

হায়দরাবাদের নিজাম পরিবারের বিপুল পরিমাণ সম্পদ নিয়ে যুক্তরাজ্যে অন্য এক লড়াইয়ের মুখোমুখি ভারত-পাকিস্তান।

নিজাম পরিবারের সেই সম্পদ এখন লন্ডনে। তাই নিজামের সম্পদের মালিকানা নিয়ে এ লড়াই পৌঁছেছে লন্ডনের হাইকোর্টে।

আনন্দবাজার জানায়, ১৯৪৭ সালে দেশ বিভাগের সময়ে হায়দরাবাদের সপ্তম নিজাম আশঙ্কা করেছিলেন, তার বিপুল সম্পত্তি হাত ছাড়া হয়ে যেতে পারে।

তখন তিনি লন্ডনে পাকিস্তানের দূতের হাতে ১০ লাখ পাউন্ড নগদ তুলে দিয়েছিলেন। যা ওই দূত লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাঙ্কে গচ্ছিত রাখেন। সেই অর্থ এখন সুদে-আসলে সাড়ে তিন কোটি পাউন্ডে দাঁড়িয়েছে।

এখন নিজামের দুই বংশধর ব্রিটিশ সরকারের কাছ থেকে ওই অর্থ পেতে চাইছেন, যাতে আপত্তি জানিয়েছে পাকিস্তান সরকার।

এদিকে নিজামদের পক্ষ নিয়ে ভারতের দাবি, নিজামের প্রকৃত বংশধরেরা সেই অর্থ ফিরে পাক।

অষ্টম নিজাম এবং তার ভাই পূর্বসূরীর এই অর্থ ফিরে পেতে আবেদন করেছেন। অষ্টম নিজাম এখন তুরস্কে থাকেন।

তবে দুই ভাইয়ের দাবি, ভারত মেনে নিলেও পাকিস্তানের প্রবল আপত্তি রয়েছে ওই অর্থ তাদের হাতে তুলে দিতে।

মূলত এই অর্থ নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল পঞ্চাশের দশকে। তখন নিজামেরা ওই অর্থ ব্যাঙ্কের কাছ থেকে তুলে নিতে চেয়েছিলেন।

কিন্তু পাক সরকার তখনই জানিয়েছিল, পাকিস্তানের মুসলিম সম্প্রদায়কে ওই অর্থ উপহার হিসেবে দিয়েছিলেন সপ্তম নিজাম। ফলে ওই অর্থের ওপর নিজামের বংশধরদের কোনো দাবি নেই।

ইসলামাবাদের সেই দাবি তখন মেনে নেন হাউস অব লর্ডসের লর্ড ডেনিং। ওই অর্থ লন্ডনেই থাকবে বলে তিনিও রায় দেন।

এর পরে, ২০১৩ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারকে ওই নগদ অর্থ উদ্ধারের পরামর্শ দিয়েছিল পাকিস্তান সরকার।

তাদের দাবি ছিল, হায়দরাবাদ দখল করেই রাষ্ট্রপুঞ্জ আর ব্রিটিশ সরকারকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ফেলেছিল ভারত।

১৯৪৮ সালে নিজামদের রাজ্য দখল করে ভারত সরকার। পরবর্তী কালে নিজামদের সঙ্গে বন্ধুত্বও স্থাপন করে তারা। এখন আইনি লড়াইয়ে তাদেরই পক্ষে দিল্লি।

ব্রিটেনের রাজ পরিবারের সঙ্গেও সখ্য ছিল নিজামদের। রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়ের সময়ে বহুমূল্য হিরার দু’টি গয়না তাকে উপহার হিসেবে দিয়েছিলেন সপ্তম নিজাম। আগামী ছয় সপ্তাহের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার কথা লন্ডন হাইকোর্টের।