কর্মী ছাঁটাইয়ের কারণ জানালো পাঠাও

পূর্ব ঘোষণা ছাড়া প্রায় ৩০০ কর্মী ছাঁটাইয়ের কারণ জানিয়েছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও। 
মঙ্গলবার গণমাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশিত হয়। এরপর বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় তারা। 

বিবৃতিতে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি স্বীকার করলেও সংখ্যা উল্লেখ করা হয়নি।

পাঠাওয়ের হেড অব মার্কেটিং নাবিলা মাহবুবের পক্ষ থেকে বিবৃতিটি পাঠানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পাঠাও জানিয়েছে, অনাকাঙ্খিত ব্যয় বৃদ্ধি রোধ এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রযুক্তিনির্ভর, সহজলভ্য, বিরতিহীন ও গ্রাহকবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য নিজেদের প্রস্তুত করছে তারা।

পাঠাওয়ের বিবৃতিতে আরো বলা হয়, 'দেশের বৃহত্তম অন- ডিমান্ড ডিজিটাল প্লাটফরম পাঠাও ব্যবসায়িক বিকাশের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। এর অংশ হিসেবে আমরা কতিপয় কৌশলগত নীতি অবলম্বন করছি যা আমাদের ব্যবসার মূল শাখাগুলিকে আরও শক্তিশালী করে তুলবে, দক্ষতা বৃদ্ধি করবে এবং অনাকাঙ্খিত ব্যয়বৃদ্ধি রোধে সহায়তা করবে।পরিবর্তনের এই প্রভাব পাঠাও এর সাংগঠনিক অবকাঠামোসহ এর ব্যবসার সর্বস্তরে মৌলিক ও গুরুত্বপূর্ণ রূপান্তর ঘটাবে'।

'আমরা এমন একটি ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছি যেখানে আমাদের প্রতিটি সেবা হবে আরও প্রযুক্তিনির্ভর, সহজলভ্য, বিরতিহীন ও গ্রাহকবন্ধব। আমাদের দৃঢ় বিশ্বাস হলো এসব নতুন ও মৌলিক পরিবর্তন পাঠাওকে বর্তমান প্রতিযোগীতানির্ভর বাজারে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে।'