রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) ড. বিশ্বজিত ঘোষসহ ওই বিশ্ববিদ্যালয়ের চারজনকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয়ে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রজ্ঞাপন ছাড়া দায়িত্ব পালন করার প্রেক্ষিতে একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার এই আদেশ দেয় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

পাশাপাশি প্রজ্ঞাপন ছাড়া তাদের কার্যক্রম চালানো কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা সচিব, আইন সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ও রেজিস্ট্রারকে  রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ  মোশাররফ হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী নজরুল ইসলাম ছোটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

শাহজাদপুরের বাসিন্দা ড. মো. জামিনুর রহমান সম্প্রতি হাইকোর্টে এ রিট আবেদনটি করেন। আবেদনে বলা হয়, ২০১৬ সালের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনে বলা আছে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে সেই  তারিখে এই আইন কার্যকর হবে।

কিন্তু প্রজ্ঞাপন জারির আগেই ভিসি পদে ড. বিশ্বজিত ঘোষকে নিয়োগ দেওয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণের  পর ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেন। একই বছর ২৮ মার্চ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এবং চলতি বছর ১১ মার্চ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এরই প্রেক্ষিতে প্রজ্ঞাপন ছাড়া কার্যক্রম পরিচালনা এবং ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করা হয়।