আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমকে প্রথম শ্রেণির গাদ্দার বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গত মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম জাতীয় সংসদে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। এর জবাবে দুদু বলেন, ‘ড. কামাল হোসেন আওয়ামী লীগ করার কারণে যদি অবিশ্বস্ত হয়ে থাকেন তাহলে আপনি (নাসিম) তো প্রথম শ্রেণির গাদ্দার। গাদ্দারদের ফ্যাক্টরি তো তাহলে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ গণতন্ত্রের সঙ্গে গাদ্দারি করেছে। স্বাধীনতা যুদ্ধের যে সংগ্রাম তার সঙ্গে গাদ্দারি করেছে। এটা কি আপনি বুঝতে পেরেছেন? কী কথা বলেছেন জাতির সামনে?’
তিনি বলেন, ‘ড. কামাল না, বিএনপি না, ২০ দল না, দেশবাসী প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করেছিলেন। জনগণ মনে করেছিলেন দেশে একটি ভালো নির্বাচন হবে। নির্বাচনের মধ্যে আর কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু প্রধানমন্ত্রী তার কথা রাখেননি। আওয়ামী লীগ কখনও কথা রাখে না।’
দেশে শেখ পরিবার ছাড়া কেউ নিরাপদ নয় এমন দাবি করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘সময় ঘনিয়ে আসছে স্বৈরাচারের পতন ঘটানোর।’