‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ গড়ার প্রস্তাব পাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি: জন্ম শতবার্ষিকী স্মারক’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব সিনেটে পাশ  হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এ প্রস্তাব তোলেন সিনেট সদস্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। মঙ্গলবার প্রস্তাবটি পাশ হয়।

২০২০ সালে ব্যাপক আয়োজনে উদ্‌যাপিত হবে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।

প্রস্তাবে মনজুরুল আহসান বুলবুল বলেন, “এই  প্রতিষ্ঠান প্রথামাফিক কোনো ডিগ্রি দেবে না, তবে গবেষণার স্বীকৃতি দেবে। এর লক্ষ্য হবে বঙ্গবন্ধুর জীবনদর্শনের আলোকে মানবমুক্তি, মুক্তিসংগ্রাম ও বৈষম্যহীন বিশ্ব গড়ে তোলাসহ সমসাময়িক বিশ্বজনীন বিষয় নিয়ে দেশি-বিদেশি গবেষকদের কাজের সুযোগ দেওয়া। এতে আগামী শতবর্ষ ধরে বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত হবে।”

প্রস্তাবে আরও বলা হয়, প্রাথমিকভাবে এই ইনস্টিটিউট ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, ইয়াসির আরাফাত ও ফিদেল কাস্ত্রোর নামে ফেলোশিপ দেবে।

বুলবুল বলেন, “প্রতিষ্ঠানটি পরিচালিত হবে বিশ্বমানের ব্যবস্থাপনায়। এতে নবীন-প্রবীণ গবেষকেরা গবেষণার সুযোগ পাবেন। প্রতিবছর বঙ্গবন্ধুর জন্মদিনে আন্তর্জাতিক সেমিনারে এই  গবেষণাকাজের স্বীকৃতি দেওয়া হবে।”