রিফাত হত্যাকারীদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

বরগুনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, “বরগুনার ঘটনা খুবই দুঃখজনক। যেকোনো মূল্যে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।”

বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে (২৩) কুপিয়ে হত্যা করা হয়। নিহত রিফাত সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের দুলাল শরীফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা দেশ রূপান্তরকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীকে নিয়ে বরগুনা সরকারি কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন রিফাত। এ সময় কয়েক যুবক তাদের পথরোধ করে। ওই যুবকদের মধ্যে দুজনের হাতে ছিল রাম দা।

তারা রিফাততে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি প্রাণপণ চেষ্টা চালিয়েও হামলাকারীদের নিবৃত্ত করতে ব্যর্থ হন। রিফাতকে বাঁচাতে তার স্ত্রী বারবার চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। হামলাকারী যুবকরা রিফাতকে রক্তাক্ত করে সবার সামনে দিয়েই চলে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার পর রিফাতকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রিফাতের বাবা দুলাল শরীফ দেশ রূপান্তরকে জানান, তার ছেলে দুই মাস আগে বরগুনার পুলিশ লাইন এলাকার জনৈক কিশোরের মেয়ে আয়শা আক্তার মিন্নিকে বিয়ে করে। বিয়ের পর মিন্নিকে নিজের সাবেক স্ত্রী দাবি করে উত্ত্যক্ত করতে শুরু করে শহরের পশ্চিম কলেজ সড়কের নয়ন বন্ড নামে এক যুবক। সে ফেইসবুকে বিভিন্ন আপত্তিকর ছবিও পোস্ট করে।

এই নিয়ে রিফাতের সঙ্গে নয়নের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে নয়ন, রিফাত ফরাজী, রিশান ফরাজী ও রাব্বি আকন রিফাতকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন দুলাল শরীফ।

এ ঘটনায় বুধবার রাতে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করলে পুলিশ ৪ নম্বর আসামি চন্দনকে রাতেই গ্রেপ্তার করে।

এদিকে প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে হত্যার স্থিরচিত্র ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দেশব্যাপী তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে; বইছে নিন্দার ঝড়।