ওয়েস্ট ইন্ডিজের জন্য ‘ডু অর ডাই’ লড়াই। তাতে হেরে গেলেই বিশ্বকাপের বাকি সময়টা ক্যারিবীয়দের জন্য হবে নিছক আনুষ্ঠানিকতা। পক্ষান্তরে জয় পেলে সেমি-ফাইনালের খুব কাছে চলে যাবে টিম ইন্ডিয়া। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে ক্রিস গেইলদের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ রানে হারের দুঃখ এখনও ভুলতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। আর ভুলবেই বা কী করে? কার্লস ব্র্যাথওয়েটের দুর্দান্ত ব্যাটিংয়ে তো প্রায় পার হয়েই গেছিল তারা। এমন সময়ে তীরে এসে তরী ডুবে দলটির।
অঙ্কের হিসেব বলছে ওয়েস্ট ইন্ডিজের সেমি-ফাইনালে যাওয়ার আশা এখনও ফুরিয়ে যায়নি। কিন্তু ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সেই দরজার দিকে আর এক পা বাড়াতে কি পারবে তারা? আসছে এমন প্রশ্ন।
বাকি দলগুলো এরই মধ্যে ছয় থেকে সাতটি ম্যাচ খেলে ফেললেও ভারত খেলেছে মাত্র পাঁচটি ম্যাচ। চারটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের কল্যাণে ৯ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছে দলটি। তাদের অবস্থান পয়েন্ট তালিকার তিনে।
ওয়েস্ট ইন্ডিজের অবস্থা তেমন সুবিধার নয়। তারা রয়েছে পয়েন্ট তালিকার আটে। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের মাত্র একটিই জিততে পেরেছে তারা। তাদের সেমিতে খেলার সম্ভাবনা কাগজে-কলমে এখনও টিকে আছে। তবে এ ম্যাচে হারলে নিশ্চিত হয়ে যাবে বিদায়। তাই ম্যাচটি ক্যারিবিয়ানদের জন্য ‘মাস্ট উইন’।
বোলাররা ফর্মে থাকায় ভারত তেমন বড় স্কোর না করেও আগের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়। ভুবনেশ্বর কুমারের বদলি হিসেবে দলে এসে মোহাম্মদ শামি হ্যাটট্রিক করেন শেষ ওভারে। হ্যামেস্ট্রিংয়ের চোটে এখনও কাবু ভুবনেশ্বরের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও শামিই খেলছেন। ভারতের এই পেসার ও স্পিনার যুজবেন্দ্র চাহালকে সামলানোই হবে ক্রিস গেইলদের জন্য বড় চ্যালেঞ্জ।
ওডিআই ক্রিকেটে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ-ভারত খেলেছে ১২৬টি ম্যাচ। এর মধ্যে এগিয়ে উইন্ডিজ। দলটি জয় পেয়েছে ৬২টি ম্যাচে; ভারতের জয় ৫৬ ম্যাচে; পরিত্যক্ত তিনটি ম্যাচ।
বিশ্বকাপে দল দুটি খেলেছে আটটি ম্যাচ। এর মধ্যে ভারত জয়ী পাঁচটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ জয়ী তিনটি ম্যাচে।
ম্যাচটিতে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ একাদশে এক পরিবর্তন। টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইসের জায়গায় এসেছেন সুনিল আমব্রিস।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ
উইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, সুনিল আমব্রিস, শাই হোপ (উইকেটকিপার), নিকোলাস পুরান, শিমরন হেটয়ামার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফাবিয়ান অ্যালেন, কেমার রোচ, শেলডন কটরেল, ওশান টমাস