মাদকবিরোধী মিছিলে পুলিশ কর্মকর্তার মাতলামি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মিছিলে মদ্যপ অবস্থায় টলতে দেখা গেছে পুলিশ কর্মকর্তাকে। বুধবার পশ্চিমবঙ্গে বারুইপুর জেলায় এমনটা দেখা গেছে।

আনন্দবাজার জানায়, এ দিন বারুইপুর পুলিশের আয়োজনে সোনারপুর থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত মাদকবিরোধী মিছিল বের করা হয়। সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছিলেন। হাজির ছিলেন জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারাও।

কিন্তু মিছিলে সোনারপুর থানার কর্মকর্তা অসিতবরণ কুইল্যা হাঁটছিলেন এলোমেলো অবস্থায়। প্রথম থেকেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন তিনি। পরে জানা যায়, তিনি মদ্যপ অবস্থায় মিছিলে অংশ নিয়েছিলেন। এমনকি মাইক্রোফোন হাতে নিয়ে তাকে বক্তৃতা দিতেও দেখা যায়।

ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠেছে। তার সহযোগিতায় এলাকায় মাদকের বিস্তার ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

এদিকে পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন, ‘‘ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।’’ তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।