নাট্যসংগঠন পালাকার মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘রং লেগেছে’। শুক্র ও শনিবার পর পর দু’দিন রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন পালাকারের সদস্য চারু পিন্টু। তিনি বলেন, ‘এই আষাঢ়ে বসন্ত নামবে নাটকপাড়ায়, সাথে মজার প্রেমের স্মৃতিও ফিরে আসবে দর্শকদের।’
১৮৯০ খ্রিষ্টাব্দের ২৪ ডিসেম্বর কলকাতার মঞ্চে ‘পৌরাণিক পঞ্চরং’ শিরোনামে প্রথম অভিনয় করে কলকাতার বনেদি কমেডি নাট্যদল ‘দি রয়েল বেঙ্গল থিয়েটার’। এর একশ ত্রিশ বছর পর পালাকার নতুন রূপে নাটকটি মঞ্চে আনছে। নাটকটির নাট্য নবায়ন, পরিকল্পনা এবং নির্দেশনায় রয়েছেন আমিনুর রহমান মুকুল।
অভিনয় করছেন আসাদুজ্জামান শুভ, কাজী ফয়সল, শাহাদাত সাব্বির, রিয়াজ হোসেন, ফাহমিদা মল্লিক শিশির, তামান্না ইয়াসমিন স্বর্ণা, মুনিরা অবনী, শাহনাজ আঁখি, মিশকাতুর রহমান মুরাদ, শাহাদাত সাব্বির, ইমরান হোসেন, রিয়াজ হোসেন প্রমুখ।
মঞ্চ ও কোরিওগ্রাফি পরিকল্পনা করেছেন অনিকেত পাল বাবু। আলোক পরিকল্পনা: বাবর খাদেমী। সংগীত পরিকল্পনা ও সুর সংযোজন: অজয় দাশ, সুমন নরম্যান কাম্পু। পোশাক পরিকল্পনা: শামীম সাগর। প্রপস্ পরিকল্পনা: চারু পিন্টু।
নাটকের গল্পে দেখা যাবে, ইন্দ্রের নির্দেশে মদন আর বসন্ত দেব বেশ ধারণ করে পৃথিবীতে এলেন। উদ্দেশ্য, সিংহলের সেনাপতি রণবীর সিংহ ও তার স্ত্রী মেঘমালার প্রেমের গভীরতা মাপা। রণবীরের ছদ্মবেশ নিল মদন দেব আর রণবীরের চাকর শশীর ছদ্মবেশ নিল বসন্ত। তারা সিংহল সেনাপতির বাড়িতে এসে মেঘমালার সাথে ভাব করতে চাইল। বাঁধ সাধল মেঘমালার দুই দাসী, চাঁপা আর কাতি। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন দেবতা দ্বয়ের প্রাণ যায় যায় অবস্থা, তখনই যুদ্ধ শেষে ফেরত আসল রণবীর ও শশী। স্বাভাবিক ভাবেই দুই রণবীর ও দুই শশীকে নিয়ে মেয়েদের মাঝে উঠল গুঞ্জন। একদিকে চলল আসল রণবীর আর শশীকে চিনবার পালা, অন্যদিকে মেঘমালা ও রণবীরের প্রেমের গভীরতা নির্ধারণ।
নির্দেশক আমিনুর রহমান মুকুল বলেন, পালাকার দীর্ঘদিন যাবৎ নতুন সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য স্টুডিওভিত্তিক নাট্য নির্মাণের প্রক্রিয়া চলমান রেখেছে। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচিত নাট্যধারা, রোমান্টিক কমেডি। প্রায় শতবর্ষ আগের পাণ্ডুলিপিটি হাতে পেয়ে আমি নির্মাণের দায়িত্ব কাঁধে নেই। ধীরে ধীরে এই নির্মাণ প্রক্রিয়ায় নতুনদের পাশাপাশি দলের অভিজ্ঞ নাট্যকর্মীও যুক্ত হন, যা এই নাটকটিকে মহিমান্বিত করেছে বলে আমার বিশ্বাস।