ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি দোকান-পাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন যাবৎ হাটগোপালপুর বাজার ও বাস কাউন্টার দখল করা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া করে।
এ সময় বাজারের ব্যবসায়ী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটুর রাইচ মিল, জুয়েল রানার স্টিল ফার্নিচার, ছব্বারের ফার্নিচার ও অ্যালুমিনিয়াম ও ক্রোকারিজের দোকান, খলিলের দোকান, গোলাম বারী ও শহিদুলসহ বেশ কয়েকটি বাড়ি ঘর ভাঙচুর করা হয়।