অনড় অবস্থানে বিএনপি ও বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা, অবস্থান কর্মসূচি

বয়সসীমা শিথিল, ঘোষিত তফসিল প্রত্যাহার, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেও কোনো সমাধানে আসতে পারেননি বিএনপি নেতারা। তাই শুক্রবার যথারীতি আন্দোলন চালিয়ে যাবেন তারা।

বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতা করিম সরকার।

করিম সরকার বলেন, রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজেরা আলোচনা করেন। স্কাইপের মাধ্যমে সংযুক্ত হন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এরপর আমাদের একটি প্রতিনিধি দলকে ডাকেন কথা বলতে। জ্যেষ্ঠ নেতারা তাদের কাছে সমস্যা সমাধানে আগামীকাল শনিবার পর্যন্ত সময় চান সমস্যার সমাধানে। পাশাপাশি জানান শুক্রবার দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রার্থীদের মাঝে ফরম বিক্রি করা হবে। এ সময় তারা দলের এ সিদ্ধান্ত মানতে পারছেন না বলে জ্যেষ্ঠ নেতাদের জানিয়ে দেন।

তিনি বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবার যথারীতি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কার্যালয়ের সিসিটিভি ভেঙে ফেলেন। বিকেল চারটায় কার্যালয়ে আসেন মির্জা আব্বাস। তিনি কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলাপ করে ক্ষুব্ধ নেতাদের কাছে সন্ধ্যা পর্যন্ত সময় চান।

বলেন, রাতে আমরা বসে আলোচনা করে দাবি মানার চেষ্টা করব। মির্জা আব্বাসের এমন আশ্বাসে কার্যালয় ছাড়েন ছাত্রদলের নেতারা।