আমরণ অনশনের ঘোষণা ছাত্রলীগের পদবঞ্চিতদের

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত ছাত্রলীগ নেতারা। পূর্ণাঙ্গ কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়াসহ চার দাবিতে গত ২৬ মে থেকে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন পদবঞ্চিত কয়েকজন ছাত্রলীগ নেতা। আন্দোলনরতদের দাবিগুলো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ দান, শূন্য ঘোষিত পদ ছাড়াও অন্য বিতর্কিতদের নাম-পদবি প্রকাশ, আন্দোলনকারীদের যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং তাদের ওপর চালানো হামলার বিচার।