কাউন্সিলের মনোনয়ন ফরম বিতরণ বন্ধের শর্তে শনিবার পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন ছাত্রদলের বিক্ষুব্ধ অংশের নেতারা।
বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে ‘ফলপ্রসূ’ আলোচনার পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, শনিবার পর্যন্ত ফরম বিতরণ স্থগিত করা হয়েছে। তাই আমাদের আজ (শুক্রবার) ও আগামীকালের (শনিবার) প্রোগ্রাম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান ছাত্রদলের ক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, নতুন কমিটি গঠন কেন্দ্র করে ছাত্রদলের বিলুপ্ত কমিটির ক্ষুব্ধ নেতাদের কাছ থেকে শনিবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
জবাবে ক্ষুব্ধ নেতারা বলেন, সে ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের জন্য ফরম বিতরণ ওই দিন পর্যন্ত বন্ধ রাখতে হবে। তাদের এ দাবি মেনে নেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত, কমিটি গঠনে বয়সসীমা শিথিল, ঘোষিত তফসিল প্রত্যাহার এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে ছাত্রদলের বিক্ষুব্ধ একটি অংশ। এতে বিএনপির একাধিক নেতার ইন্ধন রয়েছে বলেও অভিযোগ উঠেছে।