হ্যাঁ, তিন অ্যাঞ্জেল ফিরে এলো। জনপ্রিয় চরিত্রে এবার পা গলিয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, নওমি স্কট ও এলা বালিন্সকা। থ্রিল, ড্রামা, অ্যাকশন, হিউমার- সদ্য প্রকাশিত ট্রেলারে পাওয়া গেল সবকিছু।
পরিচালক এলিজাবেথ ব্যাঙ্কস টুইটারে ট্রেলার শেয়ার দিয়ে জানান, ‘চার্লিস অ্যাঞ্জেলস’ মুক্তি পাবে নভেম্বরে।
ছবিতে তিন নায়িকাকে দেখা যাবে বিশ্বব্যাপী চলমান অপরাধের মোকাবেলা করতে। আর অ্যাকশন দৃশ্যে তারা নিজেদের প্রমাণ করেছেন। বিশেষ করে ‘টোয়ালাইট’ ও ‘স্নো হোয়াইট’ সিরিজের পর ভিন্ন রূপে নতুন সিরিজে ফিরলেন স্টুয়ার্ট।
ট্রেলার বলছে, পরিচিত স্টাইলে গল্পে জড়িয়েছে তিন কুশলী নারী। যেখান শুরুতেই স্টুয়ার্টের চরিত্র সাবিনা উইলসন একজন ধনী ব্যবসায়ীকে বলছে, “আমার মনে হয় নারীরা যে কোনো কিছু করতে পারে।” তারই ছায়া পাওয়া যায় ২ মিনিট ৫৩ সেকেন্ডের ট্রেলারের দৃশ্য থেকে দৃশ্যান্তরে। ফ্রি হ্যান্ড অ্যাকশন, বিস্ফোরণের পাশাপাশি নায়িকারা ভেসেছেন স্কাইডাইভে।
ছবিতে অ্যাঞ্জেলদের পরামর্শক আছেন, যাকে বলা হচ্ছে বোসলে। এই সিনেমায় একাধিক বোসলে তাদের পথ দেখায়। যাদের একজন পরিচালক ব্যাঙ্কস নিজেই। তিনি বলছেন, প্রথাগত আইন প্রয়োগকারী সংস্থা সবকিছু সামাল দিতে না পারায় তারা অস্তিত্বশীল।
সেই হিসেবে সাহসী, বুদ্ধিমান ও উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাঞ্জেলদের দায়িত্ব অনেক। তাই পাওয়া গেল প্রচার ভিডিও জুড়ে।
ট্রেলারে যোগ করা হয়েছে মাইলি সাইরাস, আরিয়ানা গ্র্যান্ডে ও লানা ডেল রে’র নতুন একটি সিঙ্গেল। তাদের গানটি ট্রেলারের শেষ অর্ধেক জুড়ে শোনা যায়।
এ ছাড়া অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও, স্যাম ক্ল্যাফলিন ও প্যাট্রিক স্টুয়ার্ট।
‘চার্লিস অ্যাঞ্জেলস’ মূলত জনপ্রিয় টিভি সিরিজ। যেখানে অভিনয় করেন ফারাহ ফসেট, জ্যাকলিন স্মিথ ও কেট জ্যাকসন। শেষ সিজনের বিশ বছর পর ২০০০ সালে মুক্তি পায় প্রথম সিনেমা ‘চার্লিস অ্যাঞ্জেলস’। অভিনয় করেন ড্রিউ ব্যারিমোর, ক্যামেরন ডিয়াজ ও লুসি লিউ। ২০০৩ সালে আসে সিক্যুয়েল ‘চার্লিস অ্যাঞ্জেলস: ফুল থ্রটল’।