সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে শ্রীলঙ্কাকে। এমন ম্যাচে চেস্টার-লি-স্ট্রিটে টস হেরে আগে ব্যাট করে ভালো পুঁজি গড়তে পারল না শ্রীলঙ্কা। আশা বাঁচিয়ে রাখতে হলে ২০৩ রানের পুঁজি নিয়েই জিততে হবে লাসিথ মালিঙ্গাদের।
শুক্রবার দিনের একমাত্র ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ২০৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। অবশ্য এ পর্যন্ত ৭ খেলায় যে দুই জয় লঙ্কানদের, দুটিতেই ছোট পুঁজি নিয়ে জয় তুলে নিয়েছিল দলটি। হারিয়েছিল আফগানিস্তান ও স্বাগতিক ইংল্যান্ডকে।
এদিন দিনের প্রথম বলেই দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে দিয়েছিলেন কাগিসো রাবাদা। এরপর ক্রিস মরিস ও ডুয়াইন প্রিটোরিয়াসের জ্বলে ওঠা দিনে নিজের ইনিংস বড় করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। সর্বোচ্চ ৩০ রান করে এসেছে কুশল পেরেরা ও অভিস্কা ফার্নান্দোর ব্যাট থেকে। ধনঞ্জয়া ডি সিলভা ২৪ ও কুশল মেন্ডিস ২৩ রান করেন।
প্রোটিয়াদের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন মরিস ও প্রিটোরিয়াস। ২ উইকেট নিয়েছেন রাবাদা।
দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে আগেই। তবে শেষ দিকের ম্যাচগুলোতে অন্তত জয় চায় ফ্যাফ দু প্লেসির দল।